টিম সেইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথমবারের মতো ছেলেদের দ্য হান্ড্রেডের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সুপার জায়ান্টস। লর্ডসে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে পরাজিত করে শিরোপা জয় করে জস বাটলারের নেতৃত্বাধীন দল।
রকেটসের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য ৯৮ বলে পাঁচ উইকেট হারিয়েই স্পর্শ করে ম্যানচেস্টার। দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন নিউজিল্যান্ডের সেইফার্ট, যিনি ৩৮ বলে ৭২ রানের একটি ম্যাচজয়ী ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল সাতটি ছক্কা। তবে জয়সূচক ছক্কাটি এসেছে লিয়াম ডসনের ব্যাট থেকে।
ম্যাচের শুরুতে টস জিতে ট্রেন্ট রকেটসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ম্যানচেস্টার। উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন ও বেন ডাকেট ৪৮ রান তুলে ভালো সূচনা করলেও আফগান স্পিনার নুর আহমদের ঘূর্ণিতে দ্রুত ছন্দ হারায় রকেটস। মাত্র চার বলের ব্যবধানে এই দুই ব্যাটারকেই ফিরিয়ে দেন নুর। অ্যালেন ১৩ বলে ১৫ এবং ডাকেট ২৪ বলে ৩১ রান করেন।
এরপর আনিউরিন ডোনাল্ড ১৯ বলে ৩৮ রানের একটি পাল্টা আক্রমণ চালান, যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তবে মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে রকেটস। শেষ দিকে লুইস গ্রেগরির ১৬ বলে ৩২ এবং মিচেল স্যান্টনারের অপরাজিত ২০ রানের সৌজন্যে ১০০ বলে ৮ উইকেটে ১৫৮ রানে পৌঁছায় দলটি। শেষ ৩০ বলে তারা মোট ৬১ রান সংগ্রহ করে। ম্যানচেস্টারের হয়ে নুর আহমদ ৩৩ রান দিয়ে তিন উইকেট এবং সনি বেকার ৩৪ রানে দুটি উইকেট নেন।
জবাবে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সেইফার্ট। মোহাম্মদ আমিরের প্রথম পাঁচ বল থেকেই ১৪ রান তুলে দিয়ে জয়ের ইঙ্গিত দেন তিনি। পল ওয়াল্টারের সঙ্গে উদ্বোধনী জুটিতে দ্রুত ৬৬ রান যোগ করেন সেইফার্ট। ওয়াল্টার ১৪ বলে ২২ রান করে আউট হলেও সেইফার্টের ব্যাটিং ঝড় থামেনি। মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা ছেলেদের দ্য হান্ড্রেডের ফাইনালে দ্রুততম হাফ সেঞ্চুরি। অধিনায়ক জস বাটলারও ১৪ বলে তিন ছক্কায় ২৩ রান করে দলের গতি বজায় রাখেন।
ম্যাচের শেষ দিকে উত্তেজনা বাড়ে যখন ২২ বলে ২৩ রান প্রয়োজন থাকা অবস্থায় আউট হন সেইফার্ট। মোহাম্মদ আমির পরপর দুই বলে হাইনরিখ ক্লাসেন ও মাইকেল ব্রেসওয়েলকে আউট করে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনেন। শেষ পাঁচ বলে তিন রান প্রয়োজন হলে বেন স্যান্ডারসনের প্রথম দুই বলে রান নিতে ব্যর্থ হন ডসন। তবে তৃতীয় বলে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দুই বল বাকি থাকতেই দলের প্রথম শিরোপা নিশ্চিত করেন তিনি। লিউস ডু প্লুই ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। রকেটসের হয়ে আমির ২৯ রানে তিন এবং ক্যালভিন হ্যারিসন ৩০ রানে দুটি উইকেট নেন।
ম্যাচসেরার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেইফার্ট। পুরো প্রতিযোগিতায় ১০ ইনিংসে পাঁচটি অর্ধশতকসহ ৩৯৪ রান করেছেন তিনি। তার গড় ৪৯ দশমিক ২৫ এবং স্ট্রাইক রেট ১৬৮ দশমিক ৩৭।
উল্লেখ্য, এর আগে ২০২২ ও ২০২৩ সালের ফাইনালে ম্যানচেস্টার অরিজিনালস নামে হেরে গিয়েছিল এই দলটি। তৃতীয়বার ফাইনালে উঠে অবশেষে শিরোপা জিতল নতুন নামের ম্যানচেস্টার সুপার জায়ান্টস।