ডারউইন টেস্টে সেটা তৃতীয় দিনের ঘটনা। ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে স্টিভেন স্মিথ ও লিটন দাসের মধ্যে ছোট্ট এককথার লড়াই ধরা পড়ে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়ায় তখন বাধা হিসেবে ক্রিজে দাঁড়িয়ে ছিলেন স্মিথ।
ডারউইনে গতকাল চতুর্থ দিনে বাংলাদেশ ৯ উইকেটে জেতে। আগের দিন স্মিথ ও লিটনের মধ্যে সেই কথার লড়াইকে বাংলাদেশ দলের নির্ভীক মানসিকতার প্রতীক বলে মনে করছে ফক্স ক্রিকেট। ঘটনাটায় একবার চোখ ফেরানো যাক।

.

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে। আউটের আবেদন করেন লিটন। কিন্তু আম্পায়ার আউট দেননি।
বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, তা নিয়ে দোটানায় ছিল। সে মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’

বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। উইকেটের পেছনে থাকা লিটন তখন স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’

স্মিথের পাল্টা জবাব, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথ কিছুটা জোরের সঙ্গেই জবাব দেন,  ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’

.

কিন্তু স্মিথ ক্রিজে যেটা চেয়েছিলেন, সেটা পারেননি। ব্যক্তিগত ৪৪ রানে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যান। তবে কথার সেই লড়াই বলে দেয়, ডারউইনে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্ট জয়ে বাংলাদেশ দল কতটা আত্মবিশ্বাসী ছিল।

ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান এই ঘটনাটি আলাদা করে তুলে ধরেন। তাঁর ভাষায়, ‘বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ছোট্ট একটা বাগ্‌বিতণ্ডা হয়েছিল। আমার মনে হয়, স্টিভ স্মিথ একটু বাগ্যুদ্ধ করে খেলার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন।’

.অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ.

সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের চোখে ঘটনাটি ‘অবিশ্বাস্য’। তাঁর ভাষায়, ‘লিটন স্মিথের সঙ্গে ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেননি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাঁদের, ক্ষুধার্ত ছিল।’

.

ডারউইন টেস্টে প্রতিটি সেশনেই অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। ব্যাট-বলের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারানোর পাশাপাশি কথার লড়াইয়েও একচুল পিছিয়ে যায়নি বাংলাদেশ, স্মিথ-লিটনের ছোট্ট কথোপকথন যেন তারই প্রমাণ। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাকাইয়ে আগামী শনিবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।

.বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল