বিশ্বকাপ ফাইনাল সবচেয়ে ভালো জায়গা থেকে দেখেছেন কে—এ প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের রেফারি ছিলেন স্লাভকো ভিনচিচ। ১৮ জুলাই অনুষ্ঠিত ফাইনালটি তিনি পরিচালনা করেন।
মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি পরিচালনার এক সপ্তাহের মধ্যেই অবসর নেন ভিনচিচ। ফাইনালে তিনি মাঠে বডি ক্যামেরা বা রেফ ক্যাম নিয়ে দায়িত্ব পালন করেন। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের সে ম্যাচের এক মাস পূর্তির আগেই ভিনচিচের বডি ক্যামেরার ফুটেজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা।
রেফারিদের সঙ্গে রেফ ক্যাম হিসেবে এবার বিশ্বকাপে যুক্ত হয় আলোচিত একটি প্রযুক্তি। এ ব্যবস্থায় ফাইনাল ম্যাচের বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে—যা সাধারণ স্ক্রিনে দেখে সঙ্গে সঙ্গে পরিষ্কার বোঝা যায়নি। রেফ ক্যামে প্রকাশিত ফুটেজে সেসব দৃশ্য দেখার সুযোগ রয়েছে রেফারি ভিনচিচের চোখে।
ফুটেজে দেখা যায়, লিওনেল মেসিকে তাঁর সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসকে ‘নিয়ন্ত্রণ’ করতে বলা, ফেরান তোরেসের জয়সূচক গোল খুব কাছ থেকে দেখা এবং পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ভিনচিচের প্রতি ‘খুব ভালো কাজ করেছ’ বলা শোনা গেছে।
ফাইনাল শুরুর আগে টানেল থেকে শুরু হয় ফুটেজ। সেখানে দেখা যায়, মার্ক কুকুরেয়া ও রদ্রিসহ স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড়কে জড়িয়ে ধরেন মেসি। এরপর ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় এবং হ্যান্ডশেক করেন।
আরেকটি পর্যবেক্ষণ হিসেবে ফুটেজে ধরা পড়ে, দুই অধিনায়ক—রদ্রি ও মেসি—যখন টস করেন, তখন মেটলাইফ স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে বাজতে থাকা ডেভিড গেটার গান ‘টাইটানিয়াম’-এর আওয়াজে তাঁদের কথা পুরোপুরি ঢাকা পড়ে যায়।
ফুটেজে আরও দেখা যায়, একটি ফাউলের পর আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে সতর্ক করতে গিয়ে ভিনচিচ বলেন, ‘তোমার জন্য এটিই শেষ (সতর্কতা)।’
ম্যাচে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখায় ভিনচিচ কতটা সচেষ্ট ছিলেন—তার ইঙ্গিত পাওয়া যায় ফুটেজে প্রকাশিত একটি ঘটনায়। আর্জেন্টাইন কিংবদন্তি মেসি ফাউলের শিকার হওয়ার পর যখন রেফারির দিকে ঘুরে প্রতিবাদ জানাতে যান, তখন ভিনচিচ তাঁকে বলেন, ‘লিওনেল, আমি দেখতে পাচ্ছি।’ মেসি এরপর কথা না বাড়িয়ে মুখ ফিরিয়ে নেন।
প্রায় পাঁচ মিনিটের এই ভিডিওতে মেসিকে অনেকবার দেখা গেছে। সেখানে ভিনচিচের দেওয়া একটি গুরুত্বপূর্ণ পরামর্শ শোনা যায় পারেদেসকে নিয়ে। দ্বিতীয়ার্ধে বদলি নামার মাত্র ছয় মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন এ ডিফেন্সিভ মিডফিল্ডার। ওই সময় ভিনচিচকে বলতে শোনা যায়, ‘মেসি, পারেদেসকে নিয়ন্ত্রণ করো। আমি চাই না... ও কার্ড দেখেছে। দয়া করে ওকে সামলাও।’
‘আগামী কয়েক দিনের মধ্যেই’ বার্সার হবেন রদ্রি।
মেসির পরামর্শে পারেদেস দ্বিতীয় হলুদ কার্ড দেখা থেকে বেঁচে গেলেও ম্যাচ শেষে মেজাজ হারিয়ে বসেন। সে সময় স্পেনের এরিক গার্সিয়াকে তিনি আঘাত করেন এবং গাভিকে মাটিতে ফেলে দেন। গত ২৯ জুলাই ফিফা জানায়, পারেদেসের বিরুদ্ধে মারধরের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত চলছে। তবে রেফ ক্যামের ফুটেজে হাতাহাতির দৃশ্য দেখানো হয়নি।
ছেলেদের বিশ্বকাপে রেফারির বডি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয় ২০২৫ ক্লাব বিশ্বকাপে এর সফল প্রয়োগের পর। ফিফা এই প্রযুক্তিকে রেফারিদের মাথায় নিরাপদে পরিধানযোগ্য ‘হালকা ভিডিও ডিভাইস’ হিসেবে বর্ণনা করেছে, যা ম্যাচের সময় তাঁদের দৃষ্টিকোণ থেকে দৃশ্য ধারণ করার পাশাপাশি ‘হাই-ডেফিনেশন ভিডিও ও অডিও রিয়েল-টাইমে’ রেকর্ড এবং সম্প্রচার করতে পারে।