অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পথে শুধু ব্যাট-বলেই নয়, কথার লড়াইয়েও পিছিয়ে যায়নি বাংলাদেশ। ডারউইন টেস্টে স্টিভ স্মিথ ও লিটন দাসের তেমনই এক কথোপকথন ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। অস্ট্রেলীয় ব্যাটারকে লিটনের দেওয়া জবাব এখন আলোচনায়।

ঘটনাটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে। তাইজুল ইসলামের লেগ সাইডের একটি বল স্মিথের গ্লাভসের পাশ দিয়ে গেলে সেটি ধরে কট বিহাইন্ডের আবেদন করেন লিটন। তবে আম্পায়ার সাড়া দেননি।

রিভিউ নেওয়া হবে কি না, সেটি নিয়ে আলোচনা শুরু করেন বাংলাদেশের ক্রিকেটাররা। তখনই লিটনদের উদ্দেশে কথা বলতে শুরু করেন স্মিথ।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘রিভিউ নাও। নাও, করো। আরেকটি রিভিউ নষ্ট করো। তোমাদের যা ইচ্ছা করো।’

শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উইকেটের পেছনে নিজের জায়গায় ফেরার সময় স্মিথকে লিটন বলেন, ‘তুমি ব্যাট করো। তুমি শুধু ব্যাট করো।’

স্মিথ সঙ্গে সঙ্গে উত্তর দেন, ‘আমি তো ব্যাটই করছি।’

লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’

কথার শেষটা নিজের মতো করে করতে চেয়েছিলেন স্মিথ। তিনি বলেন, ‘না, আমি যা চাই তা-ই করব। আমি যা ইচ্ছা করতে পারি।’

ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে পুরো কথোপকথনটি ধরা পড়ে। চ্যানেলটির বিশ্লেষণে বলা হয়েছে, ঘটনাটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ভয়হীন মানসিকতার প্রতীক হয়ে উঠেছিল।

শেষ কথা তখন স্মিথ বললেও ম্যাচের শেষ হাসি ছিল লিটন ও বাংলাদেশের। কিছুক্ষণ পর মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৪৪ রানে আউট হন স্মিথ। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৭১ রান।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও ফক্স ক্রিকেটেরে ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান বলেন, ‘বাংলাদেশ এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সেখানে কিছুটা কথার লড়াই হয়েছিল। আমার মনে হয়েছে, স্মিথ সেই কথোপকথনের মাধ্যমে ম্যাচে ঢোকার চেষ্টা করছিল।’

বাংলাদেশের আগ্রাসী মানসিকতা চোখে পড়েছে সাবেক অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারেরও। তিনি বলেন, ‘লিটন দাসের সঙ্গে স্মিথের ওই ঘটনার পর বাংলাদেশের খেলোয়াড়েরা বাকি ইনিংসে আর চুপ থাকেনি। তারা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল এবং জয়ের জন্য ক্ষুধার্ত ছিল।’

ডারউইনে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ৪২৬ রান করে ২২৮ রানের বড় লিড নেয় বাংলাদেশ। ক্যামেরন গ্রিনের শতকে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা ২৮৪ রান করলেও বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭।

এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। স্মিথ-লিটনের কথার লড়াইও তাই শেষ পর্যন্ত বাংলাদেশের স্মরণীয় জয়েরই একটি প্রতীক হয়ে থাকল।