অস্ট্রেলিয়ান মিডিয়া ‘নিউজ কর্প’ এর ওয়েবসাইট নিউজ ডট কম এইউ, ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার পরাজয়কে ‘হরর শো’ হিসেবে উল্লেখ করেছে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের জন্য একটি খারাপ খবরও রয়েছে। ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বড় অঙ্কের আর্থিক জরিমানা করার কথা ভাবছে আইসিসি।
গতকাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দলের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। এই ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে তারা। প্রথম দিনে ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে শেষ করে। ফলে, দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৮৬ ওভার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়া টেস্ট দলের প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বল করতে হয়, যার ফলে সারা দিনে অন্তত ৯০ ওভার খেলা বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গের কারণে সর্বনিম্ন ৯০ ওভারের কোটা থেকে প্রতি ওভার কম হওয়ার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়ার ক্ষমতা রয়েছে আইসিসির।
অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৭ লাখ ৩৯ হাজার টাকা) পারিশ্রমিক পান। এর ৫ শতাংশ হলো ১ হাজার ডলার (প্রায় ৮৭ হাজার টাকা)। যেহেতু অস্ট্রেলিয়া দল চার ওভার কম বোলিং করেছে, তাই জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৪৭ হাজার টাকা) পর্যন্ত। সব মিলিয়ে জরিমানার অঙ্কটা হতে পারে মোট ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা)।
তবে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা জরিমানার মুখে পড়বেন কি না, তা নির্ধারণের সময় ভেন্যুর তাপমাত্রা এবং উইকেট পতনের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হতে পারে। ডারউইনে ভ্যাপসা গরম ও আর্দ্রতা তাঁদের এই শাস্তি থেকে বাঁচানোর একমাত্র ভরসা—এমনটাই আশা করছেন খেলোয়াড়েরা।
এছাড়া, শুধু জরিমানা নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার ৪ পয়েন্টও কেটে নেওয়া হতে পারে। বর্তমানে অস্ট্রেলিয়া ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল, তবে অস্ট্রেলিয়াকে মাত্র ৫৩ ওভারে অলআউট করায় শাস্তির হাত থেকে বেঁচে যাচ্ছে তারা।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল যদি অন্তত ৮০ ওভার ব্যাট না করে কিংবা ম্যাচে নিজেদের দুই ইনিংসে মিলিয়ে ১৬০ ওভারের কম খেলে অলআউট হয়, তবে শাস্তিটি প্রযোজ্য হয় না। গত গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে এ নিয়মের কারণে একাধিকবার বেঁচে গিয়েছিল অস্ট্রেলিয়া, তবে এবার আর তা হচ্ছে না। বাংলাদেশ দল তাদের প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়া দল এখন শাস্তি পাওয়ার ঝুঁকিতে রয়েছে। ২০২০ সালে বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে ৪ পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া।