দীর্ঘদিন ধরে ধারণা করা হতো, ক্রিস্টিয়ানো রোনালদোর শুভসংখ্যা ৭। তবে নতুন করে জানা গেল, তাঁর জীবনে আরও একটি বিশেষ তারিখ আছে—১১ আগস্ট। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়েছে, ১১ আগস্ট ১০ বছরের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। প্রশ্ন উঠেছে, ঠিক এই তারিখেই কেন বিয়ে।

ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী, ১১ আগস্টেই গুচির শোরুমে জর্জিনাকে প্রথম দেখেছিলেন রোনালদো। সেই পরিচয়ের দিন থেকে সময় ধরে চলতে থাকে সম্পর্কের ধাপ—ঠিক এক বছর আগে দুজন বাগ্‌দান করেন। এরপর সবশেষে সারলেন বিয়ে।

আজ ১৬ আগস্ট সন্ধ্যায় ‘ভোগ’–এর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে একটি বিশেষ ফিচার। সেখানে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও মডেল–উদ্যোক্তা জর্জিনা রদ্রিগেজ তাঁদের বিয়ের বিস্তারিত জানিয়েছেন ‘ভোগ’–এর এডিটর–ইন–চিফ গ্যাবি উডের সঙ্গে। ফিচারটিতে বিয়ের বিভিন্ন ছবিও প্রকাশ করা হয়েছে।

রোনালদোর বিয়ের খবরে ভাইরাল হয়েছে ফুনশাল ক্যাথেড্রালের অন্দরভাগের দৃশ্য—যেখানে রয়েছে ৮টি ছবি। পাশাপাশি, বিয়ে অনুষ্ঠান কোথায় হয়েছে—সেটিও আলোচনায় এসেছে।