থ্রিফট শপ, ডিক্লাটার, রিইউজ, রিডিউস ও রিসাইকেলের মতো শব্দগুলো এখন আর কেবল পরিবেশবাদীদের আলোচনায় সীমাবদ্ধ নেই; ধীরে ধীরে তা হয়ে উঠছে বিকল্প জীবনযাপনের অংশ।
বর্তমান বাজারে কেনাকাটার টানও বেড়েছে। পাশাপাশি এমন কোনো কিছু আর একবার পরার পর দ্বিতীয়বার ব্যবহার না করার আকাঙ্ক্ষাও বেশি দেখা যায়। একটি পোশাক কোনো অনুষ্ঠানে পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে, অনেকের কাছে সেটির ব্যবহার–উপযোগিতা যেন শেষ হয়ে যায়—ফলে একদিকে অপচয় বাড়ে, অন্যদিকে নতুন পণ্য উৎপাদনে পানি, বিদ্যুৎ খরচ এবং কার্বন নিঃসরণসহ পরিবেশের ওপর চাপও বাড়ে।
তবে ঘরের কিছু জিনিস যে আরও বহু কাজে লাগতে পারে—এ ধারণাকে জোর দিতে ঢাকার আসাদগেটের ৩ নম্বর মিরপুর রোডে আয়োজন করা হয়েছে ‘পুনঃব্যবহার হাট’। মেলার লক্ষ্য, ‘পুরোনো মানেই ফেলনা নয়, ঝোঁকের বশে ক্রয় নয়’। আয়োজন করেছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আলাই।
১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। এখানে গাছ, বই, ব্যাগ, গয়না, শাড়ি, জামা ইত্যাদি পাওয়া যাবে। এই হাট থেকে পণ্য কেনা যাবে, আবার নিজের কোনো কিছু বিক্রি করতে চাইলে শর্ত সাপেক্ষে সেটাও করা সম্ভব।
কেনাকাটা করতে গিয়ে আপনিও কি এসব কাজ করেন—এ প্রশ্নটিও সামনে আনছে আয়োজকরা।