বাংলাদেশে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশু, কিশোর ও তরুণের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রচলিত ধারণার বিপরীতে, আধুনিক চিকিৎসা এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ থাকা সত্ত্বেও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। নিয়মিত ইনসুলিন গ্রহণ, রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ এবং সুশৃঙ্খল জীবনধারার মাধ্যমেই আক্রান্তরা সুস্থ থাকতে পারেন।

টাইপ-১ ডায়াবেটিসের প্রধান চিকিৎসা হলো ইনসুলিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অসুস্থতা বা খাদ্যের স্বল্পতার কারণে ইনসুলিন বন্ধ করা যাবে না। রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষার জন্য গ্লুকোমিটার বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ব্যবহার করলে ইনসুলিনের সঠিক মাত্রা এবং খাদ্য পরিকল্পনা নির্ধারণ করা সহজ হয়। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ভাত, রুটি, ডাল, মাছ, ডিম, দুধ, শাকসবজি ও ফল সবই খাওয়া সম্ভব, তবে খাবারের পরিমাণ এবং সময়ের দিকে বিশেষ নজর দিতে হবে।

শারীরিক সক্রিয়তার কথা উল্লেখ করে বলা হয়েছে, প্রতিদিন অন্তত ৩০–৪৫ মিনিট হাঁটা, সাইকেল চালানো বা অন্যান্য ব্যায়াম উপকারী। তবে ব্যায়ামের আগে ও পরে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের পরিকল্পনা রাখা উচিত।

রক্তে শর্করার মাত্রা কমে গেলে হঠাৎ ঘাম, কাঁপুনি, অতিরিক্ত ক্ষুধা, মাথা ঘোরা বা বিভ্রান্তির মতো লক্ষণ দেখা দিতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সব সময় গ্লুকোজ ট্যাবলেট, চিনি বা মিষ্টি পানীয় সাথে রাখা জরুরি। এছাড়া জ্বর, সংক্রমণ কিংবা বমি-ডায়রিয়ার সময় রক্তে শর্করা এবং প্রয়োজনে কিটোন পরীক্ষা করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি জটিলতা রোধ করতে প্রতি তিন মাস অন্তর এইচবিএ১সি পরীক্ষা এবং বছরে অন্তত একবার চোখ, কিডনি, স্নায়ু ও থাইরয়েডের মূল্যায়ন করা প্রয়োজন। বর্তমানে জাতীয় নির্দেশিকাভিত্তিক নিয়মিত চিকিৎসা ও ফলোআপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আক্রান্ত শিশু বা কিশোরদের ক্ষেত্রে পরিবার, শিক্ষক এবং সহপাঠীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলে ইনসুলিন গ্রহণ, রক্তে শর্করা পরীক্ষা এবং প্রয়োজনে দ্রুত খাবার খাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। রোগীকে ভয় দেখানো বা অপ্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ না করে তাকে আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন।

টাইপ–১ ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সঠিক চিকিৎসা ও আত্মপরিচর্যার মাধ্যমে সফলভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। সময়মতো রোগনির্ণয়, নিয়মিত ইনসুলিন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা এবং পরিবারের সহযোগিতাই সুস্থ জীবনের চাবিকাঠি। বাংলাদেশে সচেতনতা বৃদ্ধি, ইনসুলিনের সহজলভ্যতা এবং বিশেষায়িত ডায়াবেটিস সেবার প্রসার ঘটলে আক্রান্তরা আরও নিরাপদ ও সম্ভাবনাময় জীবন যাপন করতে পারবেন।