ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ডিইপিজেড সংলগ্ন এই ভবনের সিঁড়ির নিচে থাকা মালামালে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত পৌঁছে যায় এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়রা ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন লাগার খবর জানান। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের তাপে সিঁড়ির নিচে সংরক্ষিত জেনারেটর, হুইলচেয়ার, মশকনিধন কেমিক্যাল, ফগার মেশিন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ভবনের বাকি কক্ষগুলো অক্ষত রয়েছে বলে জানানো হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"