বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি এবং কার্যকর পরিকল্পনার অভাবে দেশের কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ওই অনুষ্ঠানে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বক্তব্যে শামা ওবায়েদ বলেন, "আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতি ও কার্যকর পরিকল্পনার অভাবে দেশের কৃষক ও মৎস্যজীবীরা কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেননি। তাদের স্বাভাবিক জীবনযাপনেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে।"
বর্তমান সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, "সরকার গঠনের পর থেকেই কৃষি ও মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করছে। তাদের জীবনমান উন্নয়ন ও উৎপাদন বাড়াতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।"
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এর আগে অতিথিরা স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।