আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক সার্বিক বিষয় বিবেচনা করে কুষ্টিয়া সদর ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আকস্মিকভাবে বদলি করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে পুলিশি আদেশের মাধ্যমে এই বদলি কার্যকর হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন—কুষ্টিয়া মডেল (সদর) থানার ওসি কবির হোসেন মাতুব্বর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মাসুদ রানা।

পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, ওসি কবির হোসেন মাতুব্বরকে ঝিনাইদহ জেলা এবং ওসি মাসুদ রানাকে নড়াইল জেলায় বদলি করা হয়েছে। তবে বদলির আদেশের বিস্তারিত তথ্য এবং নতুন কর্মস্থলে যোগদানের তারিখ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বদলির বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মুক্তকণ্ঠকে বলেন, "আমাকে নড়াইল জেলায় বদলি করা হয়েছে।"

অন্যদিকে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরকে তার দাপ্তরিক নাম্বারে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এই বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ মুক্তকণ্ঠকে বলেন, "বদলির অর্ডারের বিষয়টি শুনেছি, আমি নিজে দেখিনি। তবে সদর থানার বদলির বিষয়টি নিশ্চিত।"