নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরে পড়ে আলী আকবর (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলী আকবর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। ওই বাড়িরই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া মুক্তকণ্ঠকে জানান, "ভোরে ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরঘাটে অজু করতে যান আলী আকবর। এক পর্যায়ে তিনি পুকুরে পড়ে গিয়ে ডুবে যান। সকালে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে পুকুরে তার একটি জুতা ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করা হয়।"

নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর পুকুরে ভাসমান জুতার সূত্র ধরে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"