পাবনাবাসীর জন্য ‘সুখবর’ দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি জানান, পাবনাকে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ‘ওয়াই সিস্টেম ব্রিজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় শিমুল বিশ্বাস বলেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তন। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। এর ফলে পাবনাবাসীকে আগাম সুখবর দিতে পারি— পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে।
শিগগিরই পাবনায় ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে; এতে পকেট জেলা হিসেবে যে সমালোচনা ও কষ্ট রয়েছে, তা ঘুচে যাবে বলে আশ্বাস দেন তিনি।
এমপি বলেন, ওয়াই ব্রিজ (আরিচা-কাজীরহাট-দৌলতদিয়া) এবং পদ্মা ব্যারেজ— এই দুটি প্রকল্প পাবনাকে গোটা দেশের মধ্যে এগিয়ে রাখবে। পাবনা দেশের মধ্যে এক নম্বরে থাকবে।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য বদলের চূড়ান্ত সুযোগ করে দিয়েছেন। এখন শুধু জাতীয় ঐক্য ও সঠিক পরিকল্পনা দরকার। ৫০০ বছরের বঞ্চনা আমরা এক দশকে বদলে দিতে পারব ইনশাআল্লাহ। সেই সুবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল ও পাবনা প্রেসক্লাবের সেক্রেটারি জহুরুল ইসলামসহ অনেকে।