নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মো. ইলিয়াস (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার রাত আটটার দিকে উপজেলার শাহাগোলা রেলস্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণের বাড়ি আত্রাই উপজেলার চাপড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী এবং সান্তাহার রেলওয়ে থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আটটার দিকে ওই তরুণ শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় সান্তাহার থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পাওয়ার পরপরই সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনা প্রসঙ্গে সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক দুলাল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ইলিয়াসের কানে হেডফোন ছিল। এ সময় পেছন থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।"

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।