নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিকৃত টাকা কম পাওয়ার কারণে স্ত্রী সুমি আক্তার (২১) কে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মো. ইসমাইল হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৬ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিলিলপুর গ্রামের এনামুল হক বাবুলের ছেলে।

র‍্যাবের তথ্যমতে, ঈদুল আজহা উপলক্ষে ইসমাইল তার স্ত্রী সুমি আক্তারের কাছে একটি ছাগল ও একটি স্টিলের আলমারি অথবা ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। সুমির বাবা কিছু টাকা দিলেও তা দাবিকৃত পরিমাণের চেয়ে কম হওয়ায় গত বছরের ৬ জুন রাতে ইসমাইল তার স্ত্রীকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সুমিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সুমির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আদালতের নির্দেশে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ইসমাইল হোসেনকে প্রধান আসামি করা হয় এবং তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার ইসমাইল হোসেনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।