দেশের অর্থনীতি, পুষ্টি এবং গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। এই খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রোববার (১৬ আগস্ট) সকালে সোনারগাঁয় ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনারগাঁ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এমপি মান্নান বলেন, "মৎস্য চাষ শুধু মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে না, দেশের অসংখ্য মানুষের জীবিকারও প্রধান অবলম্বন। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সোনারগাঁয়ের মৎস্য চাষিরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি এ খাতকে আরও সমৃদ্ধ করতে পারেন।"
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের নদী-খাল, পুকুর ও জলাশয়কে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।
অনুষ্ঠানে মৎস্য চাষে সফলতার স্বীকৃতিস্বরূপ তিনজন চাষিকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিন এই সম্মাননা লাভ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
এছাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।