মৌলভীবাজারের রাজনগরে বিয়ের মাত্র এক মাসের মাথায় এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের একটি নিমগাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তারা উভয়েই উপজেলার উদনা চা-বাগানের বাসিন্দা। জানা গেছে, বিনতা বাউরী এর আগে নিমাই বাউরীর স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাথিউড়া চা-বাগানের পাহারাদার স্বপন রাজভর একটি নিমগাছে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে রাজনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয় ইউপি সদস্য রামভজন গোয়ালা জানান, প্রায় এক মাস আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী কোর্ট ম্যারেজ করেন। এই বিয়ের পর মঙ্গল বাউরীর প্রথম স্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। শনিবার রাতেও এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই তারা আত্মহত্যা করেছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।"