রাঙামাটিতে একটি পিকআপ ভ্যান উল্টে তিনজন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বাসিন্দা মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার সান্ত্বনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহতদের মধ্যে রয়েছেন নানিয়ারচরের ঘিলাছড়ির বাসিন্দা শোভা চাকমা (৫২), শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫) এবং পিকআপ ভ্যানের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পিকআপ ভ্যানটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা খেলে গাড়িটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা ছয়জন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান মুক্তকণ্ঠকে বলেন, "দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।"
তিনি আরও জানান, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।