সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলার পরপরই সংসদ সদস্য আয়নুল হক দ্রুত ওই স্থান ত্যাগ করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তারা ফোন রিসিভ করেননি।