পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ফেনীর ফুলগাজী সীমান্ত থেকে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার হওয়া ওই বৃদ্ধার নাম সোনালক্ষ্মী, তাঁর বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালীতে। তাঁর তিন ছেলের মধ্যে দুজন বর্তমানে ভারতের ত্রিপুরায় বসবাস করেন। তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তিনি বিজিবির হাতে ধরা পড়েন।

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার মধ্যরাতে ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত-সংলগ্ন মধ্য কামাল্লা এলাকায়। সোনালক্ষ্মী ছাড়াও আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম সান্ত্বনা (৪০)। সান্ত্বনার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। গ্রেপ্তার হওয়ার পর গতকাল রাতেই তাঁদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয় এবং আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার সোনালক্ষ্মী দাবি করেন, তিনি অতীতে আরও কয়েকবার সীমান্ত অতিক্রম করে ছেলেদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ‘দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা পুলিশের কাছে দাবি করেন, তাঁদের স্বজনেরা ত্রিপুরায় অবস্থান করছেন। দুই নারীর বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগার-১–এ পাঠানো হয়েছে।’

বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্তে নিরাপত্তারক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।’