মাছকে আকর্ষণীয় ও তাজা দেখাতে লাইটে লাল-সবুজ পলিথিন ব্যবহার এবং চাল বিক্রির পাকা রসিদ না রাখার অভিযোগে বগুড়ার ফতেহ আলী বাজারের সাতটি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই বাজারে এই অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী পুরোনো মাছকে তাজা ও চকচকে দেখাতে লাইটের ওপর লাল ও সবুজ রঙের পলিথিন প্যাঁচিয়ে রেখেছিলেন। এই অপরাধে মোট ছয়টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, চাল বিক্রির ক্ষেত্রে পাকা রসিদ না রাখায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন মাছ ও মুরগির ওজন বাড়ানোর অপচেষ্টা রোধ করতে স্কেলের ওপর থেকে ফ্যান সরানোর নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে খাসি ও ছাগলের মাংস আলাদা করে বিক্রি করার এবং মূল্যতালিকায় প্রয়োজনীয় সংশোধন আনার নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, "জনস্বার্থে বাজার তদারকিমূলক এই অভিযান অব্যাহত থাকবে।"