শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় গতি আনতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সুবিপ্রবি) একটি নতুন বাস প্রদান করেছে পূবালী ব্যাংক পিএলসি।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ‘সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে’ আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইনের হাতে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি তুলে দেন। এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাসটির শুভ উদ্বোধন করেন উপাচার্য।
বাস হস্তান্তর উপলক্ষে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, পূবালী ব্যাংক সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক সাইদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, "শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সহযোগিতা করা পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতারই (সিএসআর) একটি অংশ। শিক্ষার্থীদের যাতায়াতের কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়কে এই বাস প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দেশের শিক্ষা খাতে পূবালী ব্যাংকের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন বলেন, "আমাদের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ৭৫ আসনের একটি পুরোনো বাস ছিল, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। পূবালী ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় একটি নতুন বাস পেল। এটি শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও সুগম ও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।"