নোয়াখালীর সোনাইমুড়ী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিমকে (৪৮) দীর্ঘ ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফেনীর দাগনভূঞার 'মিষ্টি মুখ সুইটস'-এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত আবদুল বারিকের ছেলে বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বিচার শেষে আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। আদালতের এই রায়ের পর থেকেই গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৯ বছর আত্মগোপনে ছিলেন তিনি।

তদন্তে জানা গেছে, পলাতক থাকার সময় গ্রেপ্তার এড়াতে আব্দুর রহিম তার জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেছিলেন। তবে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর তার বর্তমান অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, "গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।"