রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আগামী শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন। এই সম্মেলন থেকে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানানো হবে বলে ঘোষণা করেছেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
বুধবার রাতে রাজধানীর বনানীতে জামিয়া মোহাম্মাদীয়া টিএনটি কলোনি মাদ্রাসা মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগরের বনানী শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, "কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ কয়েকটি দাবি বাস্তবায়নে তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, আগামী ১৫ আগস্টের সম্মেলন থেকে এই লক্ষ্য অর্জনে সর্বাত্মক প্রস্তুতি শুরু হবে। ইসলামের মৌলিক আকিদা ও খতমে নবুয়ত মুসলমানদের ইমানের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, "এ বিষয়ে আলেম-উলামা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে শান্তিপূর্ণ, সাংগঠনিক ও দায়িত্বশীলভাবে কাজ করা প্রয়োজন।"
মাওলানা রাব্বানী জানান, শনিবারের সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণের মাধ্যমে খতমে নবুয়ত-সংক্রান্ত দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হবে। সভায় স্থানীয় আলেম-উলামা, মসজিদের ইমাম ও খতিবদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সম্মেলনের সুষ্ঠু আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জামিয়া মোহাম্মাদীয়া টিএনটি কলোনির মুহতামিম মুফতি মুহাম্মাদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুল কাইয়ুম কাসেমী, মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা সালমান বিন নোমান।
অন্যদিকে, সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ের জামিয়া ইসলামিয়া জমিরিয়া তিব্বত কলোনি বাজার মাদ্রাসায় সংগঠনটির তেজগাঁও শাখার উদ্যোগে পৃথক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।