কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে টেকনাফ থানার কেরুনতলী পর্যটন হোটেল নেটং সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের দেওয়া তথ্যমতে, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। একই সঙ্গে ওই ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং চোরাচালান দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে আরও জানান মিডিয়া কর্মকর্তা।