আমানত সুরক্ষা, লেনদেন স্বাভাবিক করা এবং জমানো টাকার ওপর আরোপিত অর্থ কর্তনের (হেয়ারকাট) সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ারকাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘ সময় ধরে কষ্টার্জিত আমানত নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকার কারণে তারা চরম অসন্তোষ প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শারমিন আক্তার নামে এক আমানতকারী বলেন, “সমস্যা সমাধানের জন্য অর্থমন্ত্রীর পক্ষ থেকে এর আগে আশ্বাস দেওয়া হয়েছিল। আমরা কেবল আশ্বাস নয়, দ্রুত এর কার্যকর বাস্তবায়ন দেখতে চাই। নিজেদের জমা টাকা ফেরত পাওয়া আমাদের অধিকার।”

কর্মসূচি শেষে আন্দোলনকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে প্রবেশ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে আমানত ফেরত দেওয়া এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।