দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে নিয়োজিত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বাসায় প্রবাসী এক স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওই যুবদল নেতা। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় যুবদল দ্রুত এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

ফেনী জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুস্পষ্ট অভিযোগে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।