কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের কেরুনতলী এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদের ছেলে মো. রুবেল (৩০) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মো. আরমান চৌধুরী (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক পরস্পরের বন্ধু ছিলেন। তাঁরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় টেকনাফমুখী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আরমানকে উখিয়া উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। পরে দুপুরে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। দুই যুবকের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তদন্তে জানা গেছে, জব্দ করা ট্রাকটির মালিক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কামাল উদ্দিন। তবে দুর্ঘটনার বিষয়ে জানতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।