কক্সবাজারের টেকনাফে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।

হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঘিলাতলী এলাকা থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলযোগে উখিয়ার পালংখালী বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বেপরোয়া গতির ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, গুরুতর আহত আরমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনার পরপরই ডাম্পার ট্রাকটি নিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।

পরিদর্শক নুরুল আবছার আরও জানান, দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়িটি জব্দ করা ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।