ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা এক ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত সোমবার (১০ আগস্ট) দুদকের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। এর ঠিক একদিন পর, মঙ্গলবার (১১ আগস্ট) ব্যাংক কর্তৃপক্ষ ওই কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
ব্যাংকটির একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই দুদকের কাছে অভিযোগটি করেন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের কথা বলা হলেও এর মধ্যেই তাকে বরখাস্ত করা হয়।
তবে ইয়াসিন আলী এই দাবির বিপরীতে জানিয়েছেন, শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ীই তিনি দুদকে অভিযোগটি জমা দিয়েছেন। তবে তাকে কেন বরখাস্ত করা হয়েছে এবং এর শর্তাবলি কী, সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
অন্যদিকে, দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন, কমিশন গঠিত না হওয়া পর্যন্ত এসব অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ নেই। কমিশন গঠনের পর অভিযোগগুলো যাচাই-বাছাই করা হবে।
এই বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, "ব্যাংকের পক্ষ থেকে সরাসরি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করার কোনো বিধান নেই।" তার ভাষ্য অনুযায়ী, ব্যাংক কোনো মামলা করতে চাইলে তা আদালতের মাধ্যমেই করা হয়ে থাকে।