চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। এই ঘটনায় মিয়ানমার থেকে মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন উখিয়া কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মুহাম্মদ রহিম (৬০) ও মো. রশিদ (৫৫)। আজ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে বহির্নোঙর এলাকায় টহলের সময় কোস্টগার্ডের সদস্যরা একটি সন্দেহজনক নৌযান দেখতে পান। সেটিকে থামার সংকেত দেওয়া হলে নৌযানটি গতি কমানোর পরিবর্তে দ্রুত পালানোর চেষ্টা করে। এরপর শুরু হয় ধাওয়া এবং একপর্যায়ে নৌযানটিকে আটকাতে সক্ষম হয় কোস্টগার্ড। তল্লাশিতে নৌযানটি থেকে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং নৌযানটিও জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, ‘অপারেশন সমুদ্র প্রহরা’র আওতায় কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বহির্নোঙর এলাকায় অভিযান চালাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক নৌযানটির গতিবিধি নজরে রাখা হয়। থামার সংকেত অমান্য করে সেটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। চক্রটির ওপর দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চলছিল। বর্তমানে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চলছে এবং এ কাজে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জব্দ করা ইয়াবা, নৌযান এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।