মিয়ানমার সীমান্তে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের উলুবনিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ঘুমধুম সীমান্তে এই অভিযানগুলো পরিচালনা করে ৬৪ বিজিবি।

আটককৃতরা হলেন—টেকনাফের কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)। নাফ নদীপথে ইয়াবা পাচারের সময় সাড়ে ৩ লাখ ইয়াবাসহ তাদের আটক করে ৬৪ বিজিবির সদস্যরা।

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, "সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা হোয়াইক্যংয়ের উলুবনিয়াস্থ নাফনদীর তীরে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে ২ ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকালে দাঁড়াতে বললে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা ব্যাগ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করে।"

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক দুইজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ঘুমধুম সীমান্ত থেকে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, "সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুমস্থ নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি এবং ২ লাখ ৪৬ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।"

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব সামগ্রীর বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।