নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রাতে ঘরে ঢুকে ঘুমন্ত এক ব্যক্তির গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীর নাম মো. সালেহ আহমেদ (৫০)। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক একটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পেশায় করাতকল শ্রমিক সালেহ আহমেদ রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে তাঁর স্ত্রীর হঠাৎ ঘুম ভেঙে এক ব্যক্তিকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন, তবে তিনি তাকে চিনতে পারেননি। এরপর স্বামীর গলায় ছুরিকাঘাতের ক্ষত দেখে তিনি চিৎকার করে লোক ডাকেন। এতে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় ঘরের কোনো মালামাল খোয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো সঠিক তথ্য দিতে পারেননি।
গুরুতর আহত অবস্থায় মো. সালেহ আহমেদকে প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, আহত ব্যক্তির ভাই, স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা যেভাবে ঘটনার বর্ণনা করেছেন, তাতে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম মুক্তকণ্ঠকে জানান, আজ সকালে তাঁরা এই ঘটনার কথা জানতে পারেন। পরিবারের লোকজনের ভাষ্য অনুযায়ী, রোববার রাত একটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্ত ঘরে ঢুকে সালেহ আহমেদকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।