খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এক যুবককে খুঁজতে এসে তার বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এই সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই যুবকের মায়ের শরীরে আঘাত লাগে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এই দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে।
আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার শরীরের ভেতরে গুলির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন। জানা গেছে, ভুক্তভোগী নারী খুলনা নিউমার্কেটের একজন মোবাইল ব্যবসায়ীর স্ত্রী।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, সকালে তিন থেকে চারজনের একটি সশস্ত্র দল তাদের বাড়িতে ঢুকে ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। ছেলে গত দুদিন ধরে বাড়িতে নেই জানালেও দুর্বৃত্তরা তা বিশ্বাস করতে চায়নি। একপর্যায়ে তিনি যখন বাসার প্রধান ফটকের গ্রিল খুলতে যান, তখন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি করার চেষ্টা করে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, "আমায় গুলি করার সময় আমি নিচু হয়ে যাই। এতে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনে দাঁড়িয়ে থাকা আমার স্ত্রীর শরীরে গিয়ে লাগে।"
তিনি আরও জানান, তার ছেলে হৃদয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নিউমার্কেটের মোবাইল দোকানে তাকে সহায়তা করে। হামলাকারীদের দেখলে তিনি তাদের চিনতে পারবেন বলে দাবি করেন।
গুলি চালানোর ঘটনার পর স্থানীয় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা এই হামলা চালিয়েছে এবং কেন তারা হৃদয়কে খুঁজছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বলেন, "আমরা ঘটনাস্থলে আছি। ভিকটিমের ছেলের সঙ্গে একটি বিরোধের বিষয় সামনে এসেছে। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে সবকিছু মিলিয়ে দেখছি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হবে।"