রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় উড়ালসেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "উড়ালসেতু থেকে নামার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।"
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামান আহামেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামের দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত জামান নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে এবং রিয়াদ একই এলাকার লিয়াকত ফকিরের ছেলে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, তাঁদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।