খুলনায় বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। রোববার (৯ জুলাই) সন্ধ্যার পর খুলনা সদর থানার ফরাজীপাড়া এলাকায় আকবর স্টোরের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আক্রান্ত কর্মকর্তা জানান, আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পরপরই পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাঁকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ছুরি দিয়ে আঘাত করে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, "বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে আমাদের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"