সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন এক ব্যক্তি। স্ত্রীর পরকীয়া ও সংসার ছেড়ে চলে যাওয়ার পর ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘ সময় সৌদি আরবে কর্মরত ছিলেন এবং গত দুই বছর ধরে দেশে অবস্থান করছেন। তাঁর সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
মুঠোফোনে ওই ব্যক্তি মুক্তকণ্ঠের কাছে দাবি করেন, বছরখানেক আগে তিনি জানতে পারেন তাঁর স্ত্রী অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সম্পর্কটি ছিন্ন করার জন্য তিনি স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো ফল পাননি। গত মঙ্গলবার রাতে স্ত্রী কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের বাড়িতে চলে যান। এই ঘটনার পর গতকাল শনিবার উভয় পক্ষের মুরব্বিদের উপস্থিতিতে তাঁদের বিয়ের সম্পর্ক ছিন্ন করা হয়। এরপর বিকেলে তিনি দুধ দিয়ে গোসল করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘১৭ বছরের সম্পর্ক। আজ আমি মুক্ত হলাম, মুক্ত করলাম। আমি এখন পবিত্র, আগে অপবিত্র ছিলাম।’
দুধ দিয়ে গোসল করার কারণ সম্পর্কে ওই ব্যক্তি মুক্তকণ্ঠকে বলেন, তাঁর মা পছন্দ করে যাকে ঘরে এনেছিলেন, সেই বউ তাঁর মান-সম্মান শেষ করে দিয়েছেন। প্রেমিকের পেছনে তাঁর বিদেশ থেকে পাঠানো টাকা নষ্ট করেছেন। শেষমেশ সন্তান ও সংসার ফেলে চলে গেছেন। সে জন্য তিনি তাঁকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে নিজেকে মুক্ত করেছেন।
এই বিষয়ে ওই নারীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তিনি যে ব্যক্তির কাছে গিয়েছেন, তাঁকে শনিবার রাতে আগের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দোয়ারাবাজার থানার পুলিশ। গ্রেপ্তার হওয়ায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজ রোববার বিকেলে জানান, দুধ দিয়ে গোসল করার ভিডিওটি তাঁরা ফেসবুকে দেখেছেন।