বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন। প্রথমবারের মতো এই জেলা পরিদর্শনে এসে নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, "বরিশাল খুব সুন্দর জায়গা। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দ।"

রোববার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাবের উদ্যোগে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান। রাষ্ট্রদূত বলেন, "এটা বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দ। ঢাকা থেকে এসে আমি ভাসমান বাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।"

অনুষ্ঠানে উপস্থিত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের কথা জানিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং আশা করেন যে, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার এই শহরে আসবেন।

সফরের শুরুতে সকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছে তিনি মসজিদের স্থাপত্য ও অভ্যন্তরীণ সৌন্দর্য ঘুরে দেখেন। এর আগে তিনি মসজিদ সংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।

বরিশাল শহরে প্রবেশের আগে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেন। নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখার পাশাপাশি তিনি স্থানীয়দের জীবনযাত্রা এবং এই অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।