ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার এবং সবুজে ঘেরা পেয়ারার বাগানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ রোববার সকালে তিনি তাঁর স্ত্রী ডিয়ান ডাও’কে সঙ্গে নিয়ে নৌকায় করে এই বিশেষ বাজার ও বিভিন্ন বাগান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে রাষ্ট্রদূত পেয়ারার চাষাবাদ, উৎপাদন প্রক্রিয়া এবং বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত জানতে চান। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান পেয়ারাবাজার তাঁকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও উৎপাদিত পেয়ারার গুণগত মান তাঁকে আকৃষ্ট করেছে।”
মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রদূতের এই সফরের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “ভীমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।”
পানির ওপর ভাসমান বাজার, স্থানীয় জীবনযাত্রা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে রাষ্ট্রদূত এই অঞ্চলটিকে বাংলাদেশের এক অসাধারণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ভীমরুলির এই ভাসমান বাজার বর্ষাকালে দেশি-বিদেশি পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। বাগানমালিকদের মতে, রাষ্ট্রদূতের এই সফর স্থানীয় চাষিদের মধ্যে নতুন করে উৎসাহ সৃষ্টি করেছে।
আজ সকালে নৌপথে লঞ্চে করে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে তাঁকে লঞ্চের ডেকে বসে জলপথের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়। ওই ছবির ক্যাপশনে রাষ্ট্রদূতের বরাতে লেখা ছিল, “নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!”
এর আগে সর্বশেষ ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির এই ভাসমান পেয়ারাবাজার পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি নৌকায় হাট ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন।