মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজারে একটি তিনতলা ভবনের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় একই ভবনে অবস্থিত হাসপাতাল, ব্যাংক এবং আশপাশের দোকানপাট বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, "প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।"
অগ্নিকাণ্ডের সময় পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। ভবনের নিচতলায় মার্কেট, দ্বিতীয় তলায় একটি জেনারেল হাসপাতাল এবং অন্য তলায় একটি ব্যাংকের শাখা ছিল। আগুনের খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন চারজন সিজারিয়ান রোগীসহ ভবনের সকল মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিচতলার ‘আমির হোসেন বস্ত্রালয়’ নামে একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এর ফলে একই ভবনের হাসপাতাল, ব্যাংক এবং পাশের অন্যান্য দোকানপাট বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত কাপড়ের দোকানের বিপুল পরিমাণ পোশাক ও আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।