ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি শনিবার বিকেলে এই সফরের কথা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টায় তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানটি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণের পর প্রধানমন্ত্রী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত এক সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সব কার্যক্রম শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাজধানীতে পৌঁছাবেন।