কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে দরজা কেটে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত পুলিশ কর্মকর্তার নাম রুবেল হোসেন (৩১)। তিনি কক্সবাজারের ১৪ এপিবিএনের অধীন ইরানি পাহাড় ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
এপিবিএন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ক্যাম্পে রোল কলের সময় রুবেল হোসেনকে অনুপস্থিত দেখা যায়। এরপর ক্যাম্পের সদস্যরা তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং তাঁর মুঠোফোনে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
আজ ভোর পাঁচটার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ লক্ষ্য করেন যে, ওয়াশরুমের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে। ডাকাডাকির পরও ভেতরে কোনো সাড়া না পেয়ে তিনি উঁকি দিয়ে দেখেন মেঝেতে কেউ পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এরপর ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, উখিয়া থানা পুলিশের একটি দল এবং চিকিৎসকের উপস্থিতিতে দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন মুক্তকণ্ঠকে বলেন, "ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকে রুবেল হোসেনের মৃত্যু হয়েছে।"
এই ঘটনায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে রুবেল হোসেনের মৃত্যু হয়েছে।" তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।