কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি শৌচাগার থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম রুবেল হোসেন (৩১), তিনি ওই ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে শৌচাগারের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন।
অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান, শুক্রবার বিকেলে রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। পরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরদিন শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে শৌচাগারে যাওয়ার চেষ্টা করলে দরজাটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরবর্তীতে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে শৌচাগারের দরজা কেটে রুবেলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শৌচাগার ব্যবহারের সময় স্ট্রোক করে রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ও আইনি তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।