লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার আলেকজান্ডার বাজারের পশ্চিম গলিতে এই আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দ্রুতই ৯টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যানুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দোকানগুলো টিনশেড এবং অনেকটা ফাঁকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি দোকান, সেলুন, ওষুধের দোকান, হোটেল ও প্লাস্টিকের দোকান রয়েছে।
রামগতা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, "অগ্নিকাণ্ডে ৯টি দোকানে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।"