সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে প্রস্তাবিত ‘কেরানীগঞ্জ মডেল উপজেলা’র অন্তর্ভুক্ত করার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জুমার নামাজের পর তিন ইউনিয়নের বাসিন্দারা পৃথক মিছিল করে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে জড়ো হন এবং সেখানে এক বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত ১০টি ইউনিয়ন নিয়ে ‘কেরানীগঞ্জ মডেল উপজেলা’ গঠনের লক্ষ্যে সাভারের এই তিনটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন।
বক্তাদের দাবি, ভৌগোলিক দূরত্ব, নাগরিক সেবা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রমের সার্বিক সুবিধার কথা চিন্তা করলে কেরানীগঞ্জের তুলনায় সাভার অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময়। তাই এই তিনটি ইউনিয়নকে সাভার উপজেলার সঙ্গেই বহাল রাখা প্রয়োজন। তারা হুঁশিয়ারি দেন, প্রস্তাবটি দ্রুত বাতিল করা না হলে গণস্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদান এবং মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং সেই স্বাক্ষর ব্যবহার করে এই তিনটি ইউনিয়নকে সাভার থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার চক্রান্ত চলছে।
সমাবেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, “কিছু গরিব ও অসহায় মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কৌশলে বিশেষ একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়। এর মাধ্যমে তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার চক্রান্ত করা হচ্ছে। আমি সংসদ সদস্যের (ঢাকা-২) উদ্দেশ্যে বলব—আপনি বিচক্ষণ ও জনপ্রিয় রাজনীতিবিদ। আমরা আপনার পাশে আছি। তবে এ ধরনের জনবিরোধী সিদ্ধান্ত নেবেন না। এমন সিদ্ধান্ত নিলে এসব ইউনিয়নের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে।”
এই বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন ঢাকা-২ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এই তিনটিসহ মোট ১০টি ইউনিয়ন নিয়ে ‘কেরানীগঞ্জ মডেল উপজেলা’ গঠনের প্রস্তাবসংক্রান্ত বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুসারে ঢাকা জেলা প্রশাসকের কাছে মতামত চাওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, “এটি চূড়ান্ত বা বাস্তবায়িত হয়ে গেছে—বিষয়টি এমন নয়।”