নেত্রকোনা শহরের বড়বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শুরু হওয়া এই আগুনে দুটি বহুতল ভবনের অসংখ্য দোকান এবং বেশ কিছু বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বড়বাজারের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে এবং বহুতল মজুমদার ভবনের নিচের মার্কেটে পৌঁছে যায়। খবর পাওয়ার পরপরই নেত্রকোনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাশাপাশি বারহাট্টা, আটপাড়া ও পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ঘটনাস্থল থেকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের রাত পৌনে ১১টার দিকে মুক্তকণ্ঠকে বলেন, "আগুন এখনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জেলার কেন্দুয়া, পূর্বধলা, মদন ও পাশের ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ইউনিট খবর দেওয়া হয়।"

পরবর্তীতে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান মুক্তকণ্ঠকে জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে আশপাশের দোকান ও বাসাবাড়ির গ্যাসের সিলিন্ডারসহ বিস্ফোরক জাতীয় দ্রব্য সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।