কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াসিন আরাফাত (২০) নামে এক স্থানীয় তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সাগরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার পৌরসভার পেশকার পাড়ার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নামেন ইয়াসিন। এক পর্যায়ে সাগরের তীব্র ঢেউয়ের তোড়ে তিনি ভেসে যেতে থাকেন। এ সময় সঙ্গীদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, "খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ‘সি সেফ লাইফগার্ড’ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন নিখোঁজ রয়েছেন। তবে এ সময়ে লাইফগার্ড কর্মীদের সময়োচিত তৎপরতায় ১ হাজার ৪৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে, গত ২৪ জুলাই কক্সবাজার সাগরে গোসলে নেমে হেলাল উদ্দিন নামে খুলনার এক পর্যটক নিখোঁজ হন। দুর্ঘটনার ১৫ দিন পার হলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি। এ ছাড়া গত ৮ জুন মেরিন ড্রাইভসংলগ্ন ইনানী সৈকতে গোসলে নেমে চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা মো. সায়েম (২২) এবং ১ জুন সি-গাল পয়েন্টে টিউব থেকে ছিটকে পড়ে পুরান ঢাকার মো. আবির (১৮) নামে দুই পর্যটকের সলিল সমাধি ঘটে।