বিদ্যুৎ বিল বেশি এলেই অনেকেই প্রথমে এসিকে দায়ী করেন। সত্যি বলতে গরমের সময় এসি সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্রগুলোর একটি। তবে অনেক ক্ষেত্রে ঘরের আরও কিছু বৈদ্যুতিক যন্ত্র দীর্ঘ সময় ব্যবহার করলে বা সঠিকভাবে ব্যবহার না করলে সেগুলোও বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।

কোন কোন যন্ত্রে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়, তা জানা থাকলে ব্যবহারেও সচেতন হওয়া সহজ হয়।

গিজার বা ইলেকট্রিক ওয়াটার হিটার

অনেক বিশেষজ্ঞের মতে, এসির পর সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে ইলেকট্রিক ওয়াটার হিটার। বিশেষ করে পুরোনো মডেলের গিজার দীর্ঘ সময় চালিয়ে রাখলে বিদ্যুৎ খরচ দ্রুত বেড়ে যায়। প্রয়োজনের সময় চালিয়ে কাজ শেষ হলে বন্ধ করে দেওয়াই সবচেয়ে ভালো অভ্যাস।

কাপড় শুকানোর ড্রায়ার

কাপড় শুকানোর মেশিনে উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয়। তাই এটি তুলনামূলক বেশি বিদ্যুৎ খরচ করে। সম্ভব হলে রোদে কাপড় শুকানো বা ড্রায়ার কম ব্যবহার করলে বিদ্যুৎ বিল কিছুটা কমানো যায়।

বৈদ্যুতিক ওভেন

ওভেন খাবার গরম বা বেক করার সময় অনেক বেশি তাপ উৎপন্ন করে। ফলে বিদ্যুতের ব্যবহারও বেশি হয়। একসঙ্গে কয়েকটি খাবার রান্না করলে ওভেন বারবার চালানোর প্রয়োজন পড়ে না, এতে বিদ্যুৎও সাশ্রয় হয়

পুরোনো ফ্রিজ বা অতিরিক্ত ফ্রিজ

ফ্রিজ সারাক্ষণ চালু থাকে। বিশেষ করে অনেক বছরের পুরোনো ফ্রিজ বা দরজার রাবার নষ্ট হয়ে গেলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। আবার প্রয়োজন ছাড়াই দ্বিতীয় একটি ফ্রিজ ব্যবহার করলেও মাসিক বিল বাড়তে পারে।

পানির পাম্প

বাড়ির মোটর বা পানির পাম্প তুলনামূলক উচ্চ ক্ষমতার মোটর ব্যবহার করে। অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় চালিয়ে রাখলে এটি উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতে পারে। তাই ট্যাংক পূর্ণ হলে দ্রুত মোটর বন্ধ করা উচিত।

কীভাবে বিদ্যুৎ বিল কমাবেন?

কিছু সহজ অভ্যাস বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করতে পারে।

প্রয়োজন ছাড়া কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু রাখবেন না।

পুরোনো যন্ত্রের পরিবর্তে বিদ্যুৎ সাশ্রয়ী মডেল ব্যবহার করুন।

এসি ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে চালানোর চেষ্টা করুন।

গিজার বা ড্রায়ার প্রয়োজনের বেশি সময় চালাবেন না।

ফ্রিজের দরজা বারবার খুলবেন না এবং দরজার রাবার ঠিক আছে কি না নিয়মিত পরীক্ষা করুন।

যেসব যন্ত্র দীর্ঘ সময় স্ট্যান্ডবাই অবস্থায় থাকে, ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন।

শুধু এসিই নয়, গিজার, ড্রায়ার, ওভেন, পুরোনো ফ্রিজ এবং পানির পাম্পের মতো যন্ত্রও বিদ্যুৎ বিল বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে। তাই কোন যন্ত্র কতটা বিদ্যুৎ ব্যবহার করে, সে বিষয়ে সচেতন থাকলে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে মাস শেষে বিদ্যুৎ বিল অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র: টিভি ৯