নরসিংদীতে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের বড় বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা লুট করা হয়। আহত বিএনপি নেতা নজরুল ইসলাম (৫২) সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং মুরাদনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক।
নজরুল ইসলামের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, অবৈধ বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কাটাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম মিয়ার অনুসারী ৮ থেকে ১০ জন হামলা চালিয়েছে।
তিনি জানান, নরসিংদী শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে আলোকবালীতে ফিরছিলেন। রিকশায় করে বড় বাজার এলাকা অতিক্রম করার সময় হামলাকারীরা তাঁর গতি রোধ করে। রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় এবং ব্যাংক থেকে তোলা টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকালই স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে যান।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক জানান, নজরুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার, অবৈধ বালু ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে নজরুল ইসলাম ও আবদুল কাইয়ুম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে এর আগে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, গত বছর দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছিলেন।