কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত উভয়মুখী লেনে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটের কারণে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির হাজারো যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার পর থেকে যানজটের তীব্রতা বৃদ্ধি পায়। মহাসড়কের এক লেনে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এবং বিপরীত লেনেও সমপরিমাণ এলাকাজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে ট্রাফিকের স্বাভাবিক গতি কমে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত থাকায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে, যা যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

যানজটে আটকে থাকা মারসা পরিবহনের কয়েকজন যাত্রী আক্ষেপ করে জানান, তারা দুই ঘণ্টারও বেশি সময় ধরে আলেখারচর এলাকায় আটকে আছেন। দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকায় বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধ যাত্রীরা নাভিশ্বাস পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, "ক্যান্টনমেন্ট এলাকার সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তার ওপর সাপ্তাহিক ছুটির আগে গাড়ির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম নিরলসভাবে কাজ করছে। যানবাহনের চাপ কমলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।"